ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভার শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান। অবৈধ বিদেশিদের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। তবে বাংলাদেশ কতজন অবৈধ বিদেশি রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য নেই বলেও জানিয়েছেন তিনি।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। কতজন বিদেশি আছেন, কোন কোন দেশের বিদেশিরা আছেন সেই তালিকা পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে তারা কত দিন পর্যন্ত এ দেশে থাকতে পারবেন। সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাশত করা হবে না। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে।


এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো ধরনের আতশবাজি পোড়ানো এবং ফানুস ওড়ানো যাবে না। এ ছাড়া থার্টি ফার্স্ট নাইটে ইয়াং জেনারেশন একটু পানি টানি খায়, প্রকাশ্যে ওইটা করা যাবে না।

ads
ads
ads

Our Facebook Page

↑